03/07/2026
মাননীয় বিধায়ক শ্রী রাজদীপ গোয়ালা মহাশয়কে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন
শিলচর তথা বরাক উপত্যকার ক্রীড়া ও সমাজসেবার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান ইটখলা অ্যাথলেটিক ক্লাব-এর উদ্যোগে গতকাল এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী রাজদীপ গোয়ালা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করা হয়।
এই গৌরবময় সন্ধ্যাকে মহিমান্বিত করেন কাছাড় জেলা পরিষদের সভাপতি শ্রী কঙ্কন নারায়ণ শিকদার, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর সন্তোষ চক্রবর্তী, মধ্য শহর ক্লাবের সভাপতি ও ডিএসএ শিলচরের আজীবন সদস্য শ্রী মূলচাঁদ বৈদ, এবং মহাজন বাড়ির সুপরিচিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী হাফিজুর রহমান লস্কর সহ শিলচরের বহু গুণীজন।
ইটখলা অ্যাথলেটিক ক্লাবের আহ্বানে সাড়া দিয়ে মালুগ্রাম ক্লাব, সেবা এনজিও, ইটখলা দুর্গামন্দির কমিটি, ইটখলা ফুটবল কোচিং সেন্টার-সহ এলাকার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন মাননীয় বিধায়ক মহাশয়কে উত্তরীয়, স্মারক ও পুষ্পস্তবক দিয়ে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে।
সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত শ্রী রাজদীপ গোয়ালা বলেন, উদারবন্দের মাটি ও মানুষের সেবাই তাঁর জীবনের ব্রত। অতীতের মতো আগামীতেও তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যুবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। যে কোনো প্রয়োজনে এলাকাবাসী তাঁকে পাশে পাবেন বলে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন।
তিনি ইটখলা অ্যাথলেটিক ক্লাব-এর দশকের পর দশক ধরে চলে আসা নিরবচ্ছিন্ন সমাজসেবা, ক্রীড়াচর্চা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। ক্লাবের প্রতিটি সদস্যের নিষ্ঠা, ত্যাগ ও দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, এই ক্লাব আজ শুধু একটি নাম নয়, এটি একটি আবেগ। ক্লাবের আগামীর পথচলায় তাঁর সর্বাত্মক সহযোগিতা ও আশীর্বাদ সর্বদা থাকবে।
বৃহত্তর মালুগ্রাম-ইটখলা অঞ্চলের সর্বস্তরের মানুষ, বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সম্মাননা সভা এক মিলনমেলায় পরিণত হয়।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Rajdeep Goala