17/07/2025
বক্সা-জয়ন্তী পর্ব ৫
জয়ন্তীর পথে
সকালবেলা রোভার্স ইন থেকে বেরিয়ে এক কিলোমিটার হেঁটে নিচে রোডহেডে নামলাম। সেখান থেকে গাড়ি করে পৌঁছলাম পি.এইচ.ই বাংলোতে। আমাদের দলের লিডার আইভি দি আগে থেকেই পি.এইচ.ই বাংলো বুক করে রেখেছিল। দোতলার তিনটে ভিআইপি রুমই আমাদের। সামনে পিছনে দুদিকে ব্যালকনি। পিছনের ব্যালকনি থেকে দেখা যায় জয়ন্তী নদী, রিভার বেড, নদীর ওপাশে ঘন জঙ্গল, দূরে হাতিনালা। বাংলোতে পৌঁছে জানতে পারলাম আগের দিন রাতে হাতি এসেছিল। পাশের বাড়ির বেশ কিছু গাছ দোমড়ানো-মোচড়ানো।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোলাম সাফারিতে। গোটা কয়েক ময়ূরী, একটি বাজপাখি, দুটি হরিণ, কচ্ছপ, জলের মধ্যে বিশাল বড় বড় মাছ দেখে সাফারি শেষ। আমাদের জন্য রান্নাবান্না করেছেন বাংলোতে দায়িত্বে থাকা রাঁধুনী দাদা। আমিষ নিরামিষ দুটোই অসাধারণ রান্না তার হাতে। কোনটা ফেলে কোনটা খাই এমন অবস্থা। রাতের বেলা হাতি দেখার আশায় ব্যালকনিতে বেশ কিছু সময় কাটিয়েও যখন হাতির দেখা মিলল না, তখন গিয়ে শুয়ে পড়লাম। পরের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কাল যাবো বড়া মহাকাল ট্রেকে।
ক্রমশঃ
জয়ন্তী
নভেম্বর, ২০১১