16/12/2025
আল্লাহ আমাকে একা করে দিলেন ক্যান?
মানুষের মানুষ ছাড়া চলা কঠিন। একা জীবন ভয়ংকর কষ্টের।
'ও মন বুঝি নাই আগে,
কথা কওয়ার লাইগা একখান মানুষ ঠিকই লাগে!'
আমরা কথা কওয়ার জন্য মানুষ খুঁজি আর এদিকে আল্লাহ আমাদের কারও কারও জীবনে মানুষ কম দেন মানুষ থাকলেও তাদের নিয়ে যান। কারণ তিনি জানেন মানুষের ভীড় কখন ক্ষতিকর হয়। তিনি চান তার বান্দা ভালো থাকুক আর তাই মানুষ সরিয়ে কোন কোন বান্দাকে একা রাখেন।
আমার মতন অনেকেই বলেন,'আমার জীবনে কেউ নেই। আমি একা।' আর কুরআন বলে,
'আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট।'
(সূরা যুমার: ৩৬)
এই নিয়ে জানতে গিয়ে একজন সাহাবীর জীবনের গল্প সামনে আসে। মুস‘আব ইবনে উমাইর (রা.) ছিলেন মক্কার সবচেয়ে বিলাসী যুবকদের মাঝে একজন। সারাক্ষন আড্ডাবাজিতে ব্যস্ত থাকতেন। তার চারপাশে সবসময়ে থাকতো মানুষদের ভীড়। ইসলাম ধর্ম গ্রহণের পর পরিবার তাকে ত্যাগ করল। তার সম্পদ কেড়ে নেওয়া হলো। সব হারিয়ে নিঃস্ব মানুষটার বন্ধুরাও মিলিয়ে গেলো হাওয়ায়।
একদিন তার ব্যবহারের অনেক কাপড় ছিলো আর সব হারানোর পর অবস্থা এমন খারাপ হলো যে পুরনো কাপড়ে মাথা ঢাকলে পা বের হয় আর পা ঢাকলে মাথা।
আমার নবী এই অবস্থা দেখে বলেছিলেন, 'আমি মুস‘আবকে মক্কায় দেখেছি। তার চেয়ে আরামপ্রিয় যুবক কেউ ছিল না।
আজ সে আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছে।'
এই একাকী মানুষটিকেই আল্লাহ বানালেন মদিনার প্রথম দূত।
যাকে মানুষ ছেড়ে দিয়েছিল
মহান আল্লাহ তাকে কাছে টেনে নিলেন। তাকেই ইতিহাস বদলানোর দায়িত্ব দিলেন। বান্দার তাওয়াক্কুল বাড়াতেই, আল্লাহ এর ওপর ভরসা বাড়াতেই তিনি আমাদের অনেককে একা করে দেন।
মনোবিজ্ঞান গবেষণা বলছে দীর্ঘ সময় একাকীত্বে থাকা মানুষের Self-awareness অন্যদের থেজে শতকরা ২৫–৩০ভাগ বেশি হয়।
তারা পরিণত হয় এবং সঠিক সিদ্বান্ত নিতে পারে।
ইতিহাসের বহু চিন্তক ও ধার্মিক মানুষের জীবনে একাকীত্ব ছিলো তাদের প্রস্তুতির অংশ। তাই একাকীত্ব দূর্বলতা নয় বরং এগিয়ে যাবার একটি প্রক্রিয়া।
আরেকজন সাহাবী আবু দারদা (রা.) বলতেন,'আমি মানুষের সাথে কম মিশি কারণ আমি নিজের নফসকে বেশি চিনতে চাই।'
তার একাকীত্ব ছিল অহংকার নয় বরং আত্মশুদ্ধির পথ। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় শিক্ষক।
আল্লাহ মানুষ কম দেন কারণ
মানুষের উপর নির্ভরশীল হয়ে যেন প্রতারিত না হতে হয়। তিনি চান আমাদের কান্না যেন খারাপ মানুষের দরজায় না পড়ে, সিজদায় পড়ে।
মানুষ হারাবার, একা হবার ক্লান্তি ভুলে তাই মনে রাখতে হবে, আল্লাহ তোমাকে, তোমাদের ভিড় থেকে নয় বরং নিজের কাছে, নিজের রবের কাছে ডেকে নিয়েছেন।
(C)