31/05/2026
একটি সফল ঈদ উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
অনুষ্ঠানের ঠিক আগে আকস্মিক ঝড়ে আমাদের প্যান্ডেল ও স্টেজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার জন্য আমাদের রাতারাতি নতুন করে প্যান্ডেল ও স্টেজ নির্মাণ করতে হয়েছে। সেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও অনুষ্ঠানটি বাতিল না করে সবার জন্য আয়োজনটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সময়ের স্বল্পতা ও পরিস্থিতির কারণে আমাদের কিছু পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রকৃতির উপর তো কারও হাত নেই।
খাবারের বিষয়েও আমরা সম্ভাব্য চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ১৫% ব্যবস্থা রেখেছিলাম। তবে ঝড়ের পর পুরো আয়োজন পুনর্গঠনের কারণে আমাদের স্বেচ্ছাসেবক দলকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করার ফলে কিছু ক্ষেত্রে সমন্বয় ও পরিবেশনায় সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। যেসব অতিথিকে আমরা পরিকল্পনা অনুযায়ী আপ্যায়ন করতে পারিনি, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমরা সবসময় প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। টি-শার্ট ও ক্যাপের ক্ষেত্রেও আমরা মানের সঙ্গে কোনো আপস করিনি এবং যথাযথ মান যাচাইয়ের মাধ্যমে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো যেমন গুণগত মানকে অগ্রাধিকার দেয়, আমরাও সেই মান বজায় রাখার চেষ্টা করেছি। এই প্রক্রিয়ায় কিছু তুলনামূলক ছোট বিষয়ে, যেমন রিস্টব্যান্ড, আমাদের প্রত্যাশা অনুযায়ী মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধন ফি যতটা সম্ভব কম রাখা হয়েছিল, যাতে বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারেন। এরপরও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটিকে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থায়ন করতে হয়েছে।
আমরা নিখুঁত নই, তবে প্রতিটি আয়োজন থেকে শিখছি এবং আরও ভালো করার চেষ্টা করছি। তাই গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সবসময়ই স্বাগত।
সবশেষে, অনুরোধ থাকবে—অনানুষ্ঠানিক বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল তথ্যকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় গুজব বা ভুল তথ্য অনেক সময় বাস্তব চিত্রকে আড়াল করে দিতে পারে।
আবারও সবাইকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আয়োজক কমিটি, ঈদ উৎসব ২০২৬